নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি গ্রামে হাবিলাস চৌধুরী পাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
৩০ নভেম্বর সোমবার সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসব পরিবারের সর্বস্ব। এরমধ্যে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র, কাপড়-চোপড় ও আসবাবপত্র ইত্যাদি। আগুনে পোড়া পরিবারের সদস্যরা একে বারে অসহায় হয়ে পড়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হল ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো: সেলিম, ফয়েজ আহামদ, এনাম, আম্বিয়া খাতুন ও দেলোয়ার পরিবার।
জানা গেছে, এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে কেন আগুন ধরেছে তা সঠিক তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডের শুরুতেই লেলিহান শিখা মুহুর্তের মধ্যে প্রায়সব ঘরে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে। দেরিতে সংবাদ পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই একটি সেমি পাকা বাড়ী ও ৭টি বাড়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।