
পল্লবীতে শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রাত ৯টার দিকে তিনি রামিসার বাসার উদ্দেশ্যে রওনা দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেবেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী রামিসা গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা তাকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার আদালতে নেওয়া হলে অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।