দেশে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজশাহী বিভাগসহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় পরীক্ষাগারে বিশ্লেষণ করা ৩৩টি নমুনার মধ্যে ১৫টি মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় সেখানে নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হামের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।