নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ২৩ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত বণিক সমিতির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা চট্টগ্রাম-১৫ সাতকানিয়া - লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।
লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি ছিলেন মোস্তাফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক আহমদ, মাননীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আমিরাবাদ ইউনুয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুনাঈদ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দি সহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ২০২০ সালের প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা ২০২১ সালে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনও গ্রামীণ অর্থনীতি চাঙা রয়েছে। প্রবাসী আয় দ্রুত গতিতে বাড়ছে। রফতানি আয় বাড়ছে। মেগা প্রকল্পে গতি এসেছে। সংকটে থাকা শেয়ারবাজার এখন প্রাণ খুঁজে পেয়েছে। ব্যাপক বিনিয়োগের জন্য পর্যাপ্ত রয়েছে টাকা ব্যাংকের কাছে।