বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা এখানে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।”
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে দেশজুড়ে ক্লাব ও জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। সেই প্রেক্ষিতে বর্তমান সরকার তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়।
তিনি জানান, পরবর্তীতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। “তিনি একজন খেলোয়াড়। এখানে কোনো স্বজনপ্রীতি হয়নি,”—যোগ করেন মন্ত্রী।
এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন আর নিরপেক্ষ নেই; এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।
সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস
একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিল নিয়ে আপত্তি জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিলের তুলনামূলক বিবরণী তারা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন, ফলে তা যথাযথভাবে পর্যালোচনা করা সম্ভব হয়নি।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এ পর্যায়ে আপত্তি গ্রহণের সুযোগ নেই। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
প্রেক্ষাপট
উল্লেখ্য, সংশোধিত আইনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান আরও কঠোর করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।