চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন দলের নেতাকর্মীরা। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সিফাত হোছাইন।
এ সময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত থেকে দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সিফাত হোছাইন বলেন, "এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, কোনো বন্যাদুর্গত পরিবার যেন অনাহারে না থাকে।"
তিনি আরও বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এনসিপি সব সময় দুর্যোগে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"