রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী বাজারের ১৪৩৩ সনের ইজারা বাতিল ও বাজারের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী কাঁচা বাজার এলাকায় বটতলী ব্যবসায়ী ও শহর পরিচালনা কমিটির যৌথ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও ব্যবসায়ী মো. সরওয়ার আক্তার, সাবেক ছাত্রনেতা খলিল চৌধুরী, শিক্ষক মহি উদ্দিন , ছাত্রদল নেতা আরমান, লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এমরান।
মানববন্ধনে ব্যবসায়ী সরওয়ার আকতার বলেন, ‘দীর্ঘদিন ধরে বটতলী বাজার থেকে সরকার রাজস্ব আদায় করছে। অথচ সরকারি কোনো নির্ধারিত জায়গা নেই, নেই আধুনিক শেড। এ স্টেশনে একটি শেড দ্রুত নির্মাণ করা দরকার। শেড নির্মাণ না হওয়ায় এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়ছেন।
তিনি আরও বলেন, ‘শেড নির্মাণের আগে বাজার ইজারা দেওয়া যুক্তিসঙ্গত নয়। আগে বাজারের জায়গা নির্ধারণ করে স্থায়ী শেড তৈরি করতে হবে। শেড নির্মাণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নিলে আমরা ব্যবসায়ীরা কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তিনি।