চট্টগ্রাম নগরী ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ও রাতে পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষাড় এলাকার মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনীর পরশুরাম উপজেলার শালধর এলাকার জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং একই জেলার চারিগ্রাম এলাকার হাসানুর রাহি (১৯)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আছান উল্লাহকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে এক লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার আলিপুর আব্বাসিয়াপুর এলাকায় মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়।
তল্লাশির সময় জাহিদুল ইসলামের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।