রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধন্যার বিল এলাকার ইটভাটার পূর্ব পাশে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০০ ফুট পাইপ ও ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং বালু জব্দ করা হয়। তবে,তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
১৬ই মার্চ (সোমবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সেখানে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। অবৈধ ভাবে বালু উত্তোলনে বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালিত করে ঘটনাস্থলে ৪০০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন বিনষ্ট করে দেওয়া হয় এবং বালু জব্দ ও বালুর স্তুপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় । তবে,তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে মাটি, পাহাড় কাটা ও বালু উত্তোলনে কোন সুযোগ নেই। আমরা উপজেলা প্রশাসন অবৈধ মাটি খেকো ও বালু খেকোদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। জঙ্গল পদুয়া ধইন্যার বিল এলাকায় প্রভাবশালী সিন্ডিকেট মিলে অবৈধ্ভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়রা এ বিষয়ে আমাদেরকে অভিযোগ করলে তা সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। সেখানে এসিল্যান্ড অভিযান পরিচালনা করে ৪০০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন বিনষ্ট করে দেওয়া হয় এবং বালু জব্দ ও বালুর স্তুপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
বালু উত্তোলনে জড়িত যত বড়ই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।