রায়হান সিকদারঃ
ট্রমা সেন্টার বন্ধ হবেনা,আগামীতে সবসময় ট্রমা সেন্টার চালু রাখার জন্য যা যা করার দরকার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
২৮ই মার্চ(শনিবার) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনকালে এসব কথা তুলে ধরেন।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন। হাসপাতালে আগত সকল রোগীদের সাথে কথা বলেন,তাদের দুঃখের কথাগুলোও শুনেন।
তিনি বলেন, ইন্টোরিয়াম সরকারের সময় আমি এ ট্রমা সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে ট্রমা সেন্টার পুরোদমে বন্ধ ছিল। ইন্টোরিয়াম সরকারের সময় স্বাস্থ্য উপদেষ্ঠার আন্তরিকতায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহযোগিতায় ট্রমা সেন্টার চালু করা হয়। এখন যেহেতু নতুন সরকার এসেছে তাই কিছু নিয়ম নীতি রয়েছে। আমাদের সাথে বর্তমান সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ট্রমা সেন্টার চালু রাখার বিষয়ে কথাও হয়েছে।সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এ ট্রমা সেন্টার। এটি বন্ধ হওয়ার কোন সুযোগ নেই।
শাহজাহান চৌধুরী এমপি আরও বলেন, ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যথাযথভাবে সেবা পাচ্ছে। চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সকল চিকিৎসকদের কে আরও বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করলে রোগীরা সুস্থ হয়ে যায়।
একইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ,নার্স, মিডওয়াইফ এবং সকল কর্মচারীদের সাথে মতবিনিময় করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি আনম নোমান, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলি, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ আকম হামিদুল হক, সেক্রেটারি মাওলানা আবদুর রহমান,পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়া, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,কাজি জসিম উদ্দিন,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী ও লোহাগাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী প্রমুখ।
সভায় এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের সকল চিকিৎসক, নার্স,স্টাফগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।