অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খুনের ঘটনায় প্রদীপ কুমার দাস ওসি পদ থেকে বরখাস্তের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আবুল ফয়সল। ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর ছেলে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক পাসের পর ১৯৯৩ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আবুল ফয়সল।
২০০৯ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভের পর ফেনীর দাগনভূইয়া থানা, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা ও চৌদ্দগ্রাম এবং সর্বশেষ চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্বপালন করেন। টেকনাফ থানার ওসির শূন্য পদে রেঞ্জের সিনিয়র ও অভিজ্ঞ কয়েকজন ওসির তালিকায় শীর্ষে থাকা আবুল ফয়সলকে চূড়ান্ত করেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
