রায়হান সিকদারঃ
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে ক্ষতিগ্রস্থ হয়েছে লোহাগাড়ার মানুষ। তলিয়ে গেছে মাছের প্রজেক্ট ও পুকুর। ভেঙে গেছে মাটির শত শত বাড়ি ও গ্রামীণ সড়ক।
উপজেলার চুনতি সাপের ঘাত এলাকায়
বন্যায় মাছের প্রজেক্টে ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্টের পাড় ভেঙে গেছে। প্রজেক্ট থেকে পানির তীব্র স্রোতের কারণে মাছ ও পোনা ভেসে গেছে।
ক্ষতিগ্রস্থ মৎস্য খামারির নাম লিয়াকত আলম চৌধুরী বাদল।
তিনি বলেন, ২০২৩সালের বন্যায় আমার মাছের প্রজেক্টে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারের ভারি বর্ষণে পানির তীব্র স্রোতের কারণে মৎস্য প্রজেক্টের পাড় ভেঙে গেছে। প্রজেক্ট থেকে অনেক মাছ ও পোনা ভেসে গেছে।আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
মৎস্য খামারি সুমিত চৌধুরী বলেন, আমরা এই বন্যার কারনে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। বিগত বারের বন্যায়ও ক্ষতিগ্রস্থ হয়েছিলাম। এবারের ভারি বর্ষণে পানির স্রোতে আমাদের মাছের প্রজেক্টের পাড় ভেঙে গেছে। পানি বের হয়ে যাওয়ার কারণে মাছের পোনা ও অনেক মাছ ভেসে গেছে। তিনি আরও বলেন, গেল মার্চ মাসে আমাদের মৎস্য প্রজেক্টের পাড়গুলো সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত ভাবে আবেদন জানিয়েছিলাম। তবে, সেটি কোন ধরণের কার্যকর হয়নি। পাড় সংস্কার করতে পারলে আমাদের এত পরিমাণ ক্ষতি হতোনা। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে আমাদের মাছের প্রজেক্টের পাড় মেরামতে অনুমোদন প্রদানের সুদৃষ্টি কামনা করছি।
জানা যায়, লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় শত শত মাছের ঘের, পুকুর ও জলাশয় তলিয়ে গেছে। এতে লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক মৎস্যচাষি। অনেকে সারা বছরের বিনিয়োগ হারিয়ে সর্বস্বান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন বলে জানা গেছে।