চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শক্তিমান বলী বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বী রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা নিজের করে নেন।
এবারের জয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক গড়লেন শরীফ, যা এই প্রতিযোগিতার ইতিহাসে বিশেষ কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
ফাইনাল লড়াই ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই দুই বলী আক্রমণাত্মক ভঙ্গিতে একে অপরকে চাপে রাখেন। প্রায় ২৪ মিনিট ২৬ সেকেন্ডের টানটান লড়াই শেষে শেষ হাসি হাসেন বাঘা শরীফ।
এর আগে প্রথম সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শাহ জালালের বিপক্ষে সমঝোতার ভিত্তিতে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ—যা দর্শকদের বাড়তি উত্তেজনা এনে দেয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছেন মিঠু।
জানা গেছে, রানারআপ রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। আর চ্যাম্পিয়ন বাঘা শরীফ কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের অধিবাসী।
এদিকে বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠসংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলায় ছিল মানুষের ঢল। দিনভর কেনাকাটা, খাবারের স্টল ও নানা বিনোদন আয়োজন মিলিয়ে পুরো এলাকা ছিল উৎসবমুখর।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ১০৮ জন বলীর অংশগ্রহণে জমে ওঠে এবারের আসর। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল বাংলালিংক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।