নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের ওভারটেকিংয়ের সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ঘোনা পাড়ার জমিদার বাড়ি এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস পাশাপাশি ওভারটেকিং করার সময় পূরবী পরিবহনে থাকা সুমাইয়া জানালা দিয়ে মাথা বের করলে বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের বাসের সঙ্গে তার মাথার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে যায়।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, সুমাইয়া জান্নাত নামে এক মহিলাকে ট্রমা সেন্টারে আনা হয়। তবে তাকে হাসপাতালে নিয়ে আসার পুর্বে তিনি মারা যান।
নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার বাবার চাকরির সুবাদে পরিবারের সদস্যরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে মালুমঘাট থেকে চট্টগ্রামে কলেজে যাওয়ার পথে চুনতিতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, নিহত সুমাইয়া জান্নাতের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।