রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইউপির ৫নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়া।
১৬জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মাঈনুদ্দিন হাসান স্বাক্ষরিত এক আদেশে চরম্বা ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়াকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।
জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারামতে ৩৩ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক ১৯/০৮/২০২৪তারিখের ৪৬,০০,০০০০, ০০০, ০১৭, ৯৯,০০৪৪,২২-৬৮৪ নাম্বার পরিপত্র মোতাবেক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য মোহাম্মদ মিয়াকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোহাম্মদ মিয়া চরম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করায় চরম্বা ইউনিয়নবাসী সকল শ্রেণি পেশার মানুষ সন্তুষ্টি প্রকাশ করে সকল শ্রেণির মানুষ তাঁকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ মিয়া প্রতিবেদককে বলেন, আমি বিগত সময়ে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার পরে ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলাম। এলাকার মানুষের সুখে-দুঃখে, উন্নয়নে মানুষের পাশে থেকেছি, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, সরকারিভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। এজন্য চরম্বা ইউনিয়নবাসীর আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার এই দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি সকল কর্মকর্তাসহ সবাই সহযোগিতা কামনা করছি।