লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা পদ্মা পুকুর পাড় এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ছয় লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, ইউপি সদস্য,মোহাম্মদ মিয়া, মোঃ সোলাইমান ,গ্রাম পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা পদ্মা পুকুর পাড় এলাকায় অবৈধভাবে টিলা কাটছিল প্রভাবশালীরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রাতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত করে অবৈধভাবে টিলা কাটার অপরাধ স্বীকার করায় এক মামলায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে ছয় লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।