শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গাফ্ফার চৌধুরী বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করে তারা আজ রাষ্ট্র ক্ষমতায়। সরকার বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে আমি প্রার্থী হয়েছি। আমার প্রচারনায় ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা, ভাংচুর করলেও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তবে আমার কর্মী সমর্থকদের তারা (ক্ষমতাসীনরা) হুমকি ধমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। কারণ তারা জানে সাধারণ ভোটার কেন্দ্রে যেতে পারলে বেগম জিয়ার মুক্তির জন্য ধানের শীষ প্রতীকেই ভোট দিবে।
গনসংযোগকালে সাতকানিয়ার উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সাতকানিয়ার অধিকাংশ জনগুরুত্বপূর্ণ সড়কের দরাবস্থা। খানাখন্দকে ভরা এসব সড়ক দিয়ে মানুষ চলাচল করা অনেক কঠিন। খবর নিয়ে জেনেছি বিএনপি জোট সরকারের আমলেই সাতকানিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই সময়কার নির্মিত সড়ক সমূহ দীর্ঘদিন মেরামত বিহীণ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে সাতকানিয়াবাসীর উন্নয়নে আপনার পদক্ষেপ কি হবে জানতে চাইলে তিনি বলেন, এক কথায় বলতে গেলে সাতকানিয়া একটি অবহেলিত এলাকা। এখানে ভাঙ্গাচোড়া রাস্তা মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালুসহ সামগ্রিক উন্নয়নে ভ‚মিকা রাখব আমি। মাদকের বিষয়ে তিনি বলেন, সাতকানিয়ায় মাদকের কারবার রয়েছে। কোন কোন ক্ষমতাসীন দলের নেতার লোক পরিচয়ে এখানে মাদক ব্যবসা হয়। এ মাদক রোধ করতে হবে। সন্ত্রাস, চাদাঁবাজ, দখলবাজের বিরুদ্ধে জনমত তৈরী করে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব প্রতিরোধ করা না গেলে সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। এক সময় বসবাসের অযোগ্য হয়ে পড়বে সাতকানিয়া। তাই সাতকানিয়াকে বাচাঁতে হলে মাদক, সন্ত্রাস, চাদাঁবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে। নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়ার অভিযোগ করে বলেন, প্রচারনার শুরুর দিন থেকে আমার বেশ কয়েক জন নেতাকর্মীকে তারা হামলা করেছে। আমার নির্বাচনী প্রধান সমন্বয়কারী চেয়ারম্যান মুজিবুর রহমানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমার প্রচারনার কাজে নিয়োজিত অন্তত ২০টি প্রচারের অটো রিক্সা (সিএনজি) ভাংচুর করেছে। এত অত্যাচারের পরও আমরা মাঠে আছি মাঠে থাকব ইনশাআল্লাহ