প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ৮:২২ পি.এম
কৃষক বাঁচলে দেশ বাঁচবে

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষক ও মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক সমাজ। কৃষি ও মৎস্যখাতকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে ঋণ প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কৃষকরা হচ্ছে দেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি আন্তরিক হতে হবে। কৃষিজমি রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, কৃষকদের ঘরে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষি ও মৎস্যখাতকে গুরুত্ব না দিলে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ডা. মো. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসহাক, মাস্টার এনামুল হক, তারেক হোসাইন ও দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুল রহমান সিকদার।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত