রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা সন্দেহে বাড়ীর গেইটে তালা লাগিয়ে আপন ভাতিজাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে চাচা শামসুল আলমের বিরুদ্ধে। এ অবরুদ্ধতার খবর পেয়ে মুক্ত করতে এসে উল্টো চাঁদাবাজ আখ্যায়িত হলেন তার নানার বাড়ীর লোকজন। ১৪ জুন (রবিবার) বিকেলে উপজেলা সদরের কালোয়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
শামসুল আলম ওই এলাকার মৃত আব্দুল আলমের পুত্র। এ ঘটনায় ফিহামের বাবা ঠিকাদার মোহাম্মাদ ফারুক লোহাগাড়া থানায় শামসুল আলমসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ।
অবরুদ্ধের শিকার ফিহামের বাবা মোহাম্মদ ফারুক জানান, আমার স্কুল পড়ুয়া ছেলে ফিহাম (১৫) গত ৮ জুন সকাল ১১ টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে উপজেলা সদরের লোহাগাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়েত হোসেন চৌধুরী তাকে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে ১২ জুন পুনরায় দেখা করতে বলেন। এরপর চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধপত্র নিয়ে যথারীতি বাড়িতে চলে আসি। গত ১২ জুন পুনরায় চিকিৎসকের কাছে যেতে ঘর থেকে বের হলেই গেইটে তালা লাগিয়ে আমাদেরকে অবরুদ্ধ করেন আমার ভাই শামসুল আলমসহ কয়েকজন। পরে কোন উপায় না দেখে আমি শ্বশুর বাড়ীর লোকজনকে খবর দিলে আমার শ্বশুর মিজানুর রহমান মিজানসহ কয়েকজন এসে আমাদেরকে উদ্ধার করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছেলে ফিহামের করোনা হয়েছে মর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করতে থাকেন। এ ঘটনায় ১৪ জুন সকালে শামসুল আলম, আলমগীর, মোহাম্মাদ আশিফ, আবুল বশরের বিরুদ্ধে আমি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছি।
এদিকে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য সোমবার (১৫ জুন) রাতে সাবেক ছাত্রলীগ নেতা মিজানসহ ৯ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দাযের করেছেন শামসুল আলম।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, অভিযোগ হয়তো আসতে পারে। তদন্ত করে দেখবো আর কি।