রায়হান সিকদারঃ
শনিবার। সকাল দশটা। কলাউজান ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা নিতে আসা মানুষের লাইন-ফাইল ঠিক করতে করতে রীতিমত হিমশিম খাচ্ছিল উক্ত ইউনিয়নের চৌকিদাররা।
টোকেন দেখালে একজন একজন করে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে। ২ মে ত্রাণ বিতরণকালে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের পাশাপাশি লোহাগাড়ার সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিনও উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ তদারকি করতে উপজেলা প্রশাসন তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানান কলাউজানের ইউপি সচিব মোজাফফর আহমদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুসলিম উদ্দিনের মতো অন্যান্য আট ইউনিয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের আট কর্মকর্তাকেও ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ হয়। তারা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, ভিজিডি বিতরণ, খাদ্য বান্ধব কর্মসূচি মনিটরিং, মানবিক সহায়তা ভোগীদের তালিকা প্রণয়ন এবং উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
লোহাগাড়া সদর ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী যথাযথ লোকদের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। তাছাড়া ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক হোম কোয়ারেন্টিনে থাকা লোকজন ঠিকমতো কোয়ারেন্টিন মানছে কিনা তাও তদারকি করছি।
বড়হাতিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা নুর হোসেন বলেন, ট্যাগ অফিসারদের সামাজিক সম্পৃত্ততা এবং ঝুঁকি চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ইতোমধ্যে আমাদেরকে ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস প্রদান করেছেন। স্যারকে আমরা ধন্যবাদ জানাই।
করোনা পরিস্হিতিতে ট্যাগ অফিসারদের সংশ্লিষ্টতা নিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদকে যোগাযোগ করা হলে তিনি বলেন, লক ডাউনের সময় আকস্মিক বেকার হয়ে পড়া শ্রমিক, ড্রাইভার, ভিক্ষুক, ভবঘুরে সহ হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে ট্যাগ অফিসারগণ সংশ্লিষ্ট ইউনিয়নে আমার প্রতিনিধি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দুর্যোগে তাদের এমন ত্যাগকে সাধুবাদ জানা।