শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকদের চাপ সামাল দিতে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম–কক্সবাজার এবং চট্টগ্রাম–ঢাকা রুটে বিশেষ ট্রেন চলাচল শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন প্রতিদিন ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। অপরদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসবে সকাল ১১টা ৩০ মিনিটে। এই ট্রেন চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে, চট্টগ্রাম–ঢাকা রুটে চালু হয়েছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। প্রতিদিন বিকেল ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। আবার ঢাকার কমলাপুর থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে আসবে চট্টগ্রামমুখী স্পেশাল ট্রেন।
প্রতিটি বিশেষ ট্রেনে থাকছে ১৮টি কোচ, যেখানে দিনে ৮৩৪টি ও রাতে ৭৮৯টি আসন থাকবে। ভাড়া নিয়মিত আন্তনগর ট্রেনের সমানই থাকবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও ছুটির সময় কক্সবাজারে যাত্রী ও পর্যটকের চাপ বেড়ে যায়। তাই বাড়তি ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানো হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগরের মতোই সব সুবিধা পাওয়া যাবে।”
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে আজ থেকেই বিশেষ ট্রেন চলাচল শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।