চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য হাসান মাহমুদকে (৪৫) গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা-পুলিশ।স্থানীয়ভাবে তিনি খাগরিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।
(২২ জুন) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনিপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, হাসান মাহমুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ভাগিনা। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া, চান্দগাঁও ও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। এ সময় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জহির আমিন, রোমান হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারের পর তাঁকে সাতকানিয়া থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’’
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০২২ সালের খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সময় আক্তার হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হাসান মাহমুদের নাম আলোচনায় আসে।